বার্তা সংস্থা আবনা : দখলদার ইসরাইলি বাহিনী পশ্চিমতীরে একটি মসজিদ গুড়িয়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ (মঙ্গলবার) খুব ভোরে ইসরাইলি বাহিনী আল খলিল (হেব্রন) শহরের দক্ষিণে আল মুফাকারা গ্রামে বুলডোজার ও ভারী যন্ত্রপাতির সাহায্যে মসজিদটি গুড়িয়ে দিয়েছে।
ফজরের নামাজ পড়তে বেশ কিছু মুসল্লি সেখানে জড়ো হয়েছিলেন। কিন্তু দখলদার সেনারা মুসল্লিদের জোর করে মসজিদ থেকে বের করে দেয়। মসজিদের ভেতর থেকে ধর্মীয় বইগুলো সরানোরও সুযোগ দেয়া হয়নি। ইসরাইলি রেডিও মসজিদ ধ্বংসের খবরের সত্যতা স্বীকার করে বলেছে, পূর্ব অনুমতি না নিয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছিল।
তবে আল মুফাকারা গ্রামের বাসিন্দারা বলেছেন, ইসরাইল নতুন করে বিপুল সংখ্যক বাড়ি তৈরির যে ঘোষণা দিয়েছে, তা বাস্তবায়নের অংশ হিসেবেই মসজিদটি ধ্বংস করা হল। আল খলিল শহরের গভর্নর বলেছেন, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের একটি প্রতিনিধি দল আল মুফাকারা গ্রামটি পরিদর্শন করেছেন। আর এরপরই সেখানকার মসজিদটি ধ্বংস করা হল। এর মাধ্যমে ইউরোপীয় দেশগুলোর প্রতি ইসরাইল চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।# রেডিও তেহরান